সরকারকে জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে হতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী জাতীয় সংসদ গঠিত হতে হবে। জুলাই ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি পেতে হবে। অন্তর্বর্তী সরকারকে অবশ্যই জুলাই সনদের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। আমরা সংস্কারের কাজ পুরোপুরি নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না। সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এটাকে আমরা স্বাগত জানাই। তবে ৫ আগস্টের মধ্যেই জুলাই সনদ নিয়ে একটি পরিষ্কার সিদ্ধান্তও নিতে হবে।’
গতকাল রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই সনদের অধিকাংশ বিষয়ে এরই মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, ‘বাস্তবায়ন প্রক্রিয়া নিশ্চিত হলে এবং আইনগত বৈধতা থাকলেই আমরা এতে স্বাক্ষর করব।’
নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই আকাঙ্ক্ষার কেউ যদি অপব্যবহার করে, অসৎ উদ্দেশ্যে কাজে লাগায় বা দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে তাকে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে।’
দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, আগামীকাল (আজ) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক জনসভায় নতুন বাংলাদেশের ইশতেহার প্রকাশ করবে এনসিপি।’










