বাংলাদেশে বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ, এমবিএ কোর্সের মধ্যে এইচআরএম বিষয়টি পড়ানো হয়ে থাকে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান থেকে PGDHRM (Post Graduate Diploma in Human Resource Management) ডিগ্রি নেয়া যায়। বর্তমানে বিভিন্ন চাকরিদাতা এ ডিগ্রিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখেন। যেসব প্রতিষ্ঠান এ প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের মধ্যে কয়েকটি হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট, সোবহানবাগ, মিরপুর, ঢাকা, বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ফার্মগেট, ঢাকা; ইনস্টিটিউট অব পার্সোনাল ম্যানেজমেন্ট, ফার্মগেট, ঢাকা; বিয়াম ফাউন্ডেশন, নিউ ইস্কাটন, ঢাকা। এ প্রশিক্ষণগুলো ছয় থেকে নয় মাসব্যাপী হয়। এগুলোয় ভর্তি হওয়ার শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস।
দেশে জনশক্তি পরিচালনার ব্যবস্থা গড়ে তোলার জন্য দক্ষ জনবল তৈরি করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ শুরু করেছে মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম। ‘মাস্টার অব প্রফেশনাল হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রোগ্রাম’ নামের প্রোগ্রামটির মূল উদ্দেশ্যই হচ্ছে একজনকে দক্ষ কর্মী ব্যবস্থাপক হিসেবে প্রস্তুত করে তোলা।
প্রোগ্রামটি পরিচালনার দায়িত্বে থাকবেন অনুষদের উচ্চ দক্ষতাসম্পন্ন সদস্যরা। সেই সঙ্গে বিভিন্ন পেশার অভিজ্ঞ ব্যক্তি থাকবেন এর পরিচালনার দায়িত্বে। ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির জন্য প্রোগ্রামটিতে থাকছে বিভিন্ন সেমিনার, প্রেজেন্টেশন, গবেষণার সুবিধা। প্রতিটি ক্লাসেই থাকছে নির্দিষ্ট পরিমাণ ও স্বল্পসংখ্যক শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।
প্রোগ্রামটিতে থাকছে দুটি সেমিস্টার। বছরের শুরুতে জানুয়ারি মাসে একটি সেমিস্টার ও জুলাই মাসে অপরটি। এছাড়া এমপিএইচআরএম প্রোগ্রামটির ক্রেডিট হবে ৪৮ ঘণ্টার। সঙ্গে ৩ ঘণ্টার একটি প্রজেক্ট পেপার থাকবে এ প্রোগ্রামটিতে। প্রত্যেক শিক্ষার্থীকেই এ সংশ্লিষ্ট পেপারটি সম্পূর্ণ করতে হবে। প্রোগ্রামটির একজন অংশগ্রহণকারীকে অবশ্যই দুই বছরের মধ্যে নির্দিষ্ট এই কোর্স শেষ করতে হবে। এরপরও কিছু অবস্থা সাপেক্ষে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করা যাবে কোর্সটি।










