গ্রাহকদের আরো কাছাকাছি পৌঁছে জীবনবীমা সেবাকে সহজলভ্য করার লক্ষ্যে চট্টগ্রামের মুরাদপুরে আঞ্চলিক কার্যালয় চালু করেছে শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। নগরীর সিডিএ এভিনিউতে একে ট্রেড সেন্টারের ষষ্ঠ তলায় গতকাল আনুষ্ঠানিকভাবে নতুন কার্যালয়টি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তা লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাফিস এ আহমেদ। বীমা প্রতিষ্ঠানটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিইও নাফিস এ আহমেদ বলেন, ‘আমরা গ্রাহকদের আরো কাছাকাছি গিয়ে মানসম্মত বীমা সেবা নিশ্চিত করতে চাই। জীবনবীমা কেবল একটি আর্থিক সুরক্ষা মাধ্যম নয়, বরং এটি পরিবার ও ব্যক্তির দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ।’ এ উদ্যোগের মাধ্যমে বীমা সচেতনতা বাড়ানো এবং গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক তৈরি করাই শান্তা লাইফ ইন্স্যুরেন্সের লক্ষ্য বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বীমা প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি চট্টগ্রামের করপোরেট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।










