দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) সামাজিক মাধ্যমকেন্দ্রিক ব্যবসার গণ্ডি পেরিয়ে অনলাইন মার্কেটপ্লেসের বৃহত্তর পরিসরে যুক্ত করার লক্ষ্যে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশন এবং ফুড ও গ্রোসারি ডেলিভারি প্লাটফর্ম ফুডপান্ডার যৌথ আয়োজনে এ কর্মশালায় ৪০ জন উদ্যোক্তা অংশ নেন, যাদের অধিকাংশই নারী।

উদ্যোক্তারা ফেসবুকের মতো অনলাইন প্লাটফর্মে কেক, পিঠা, ফ্রোজেন ফুড, ঘি, মিষ্টি ও আইসক্রিমসহ ঘরে বানানো বিভিন্ন খাবার বিক্রি করেন। কর্মশালায় অংশ নিয়ে তারা নিজেদের ব্যবসার পরিসর আরো বৃদ্ধি করার বিষয়ে বিভিন্ন পরামর্শ পান।

সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে আয়োজিত এ কর্মশালা পরিচালনা করেন ফুডপান্ডার হেড অব সেলস সিরাজুল হক। উদ্যোক্তারা কীভাবে অনলাইন প্লাটফর্মে যুক্ত হতে পারেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ডিজিটাল কমার্সের বাজারে সাফল্য অর্জনে তাদের কাজের ক্ষেত্রে কী ধরনের কৌশলগত পরিবর্তন আনা জরুরি, সে বিষয়ে তিনি আলোচনা করেন।

কর্মশালায় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসার ধরনে অনেক পরিবর্তন এসেছে। বর্তমান প্রজন্ম বিভিন্ন অনলাইন প্লাটফর্ম থেকে নিয়মিত পণ্য ও সেবা গ্রহণে অভ্যস্ত। ব্যবসায়ীদের এ পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে হবে, পাশাপাশি ডেলিভারির ক্ষেত্রে যেন দ্রুততম সময় ও গ্রাহকের সেরা স্বাচ্ছন্দ্য নিশ্চিত থাকে, সেটিও খেয়াল রাখতে হবে।’

কর্মশালায় উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন মাহমুদ, মহাব্যবস্থাপক ফারজানা খান, সহকারী মহাব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান এবং ফুডপান্ডার পাবলিক রিলেশনস লিড আফিফা সুলতানা। —বিজ্ঞপ্তি