প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং সেবা সম্প্রসারণে প্রাইম ব্যাংক পিএলসি, টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশন ও অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রণীত একটি প্রশিক্ষণ মডিউল আন্তর্জাতিক পরিসরে সম্প্রসারিত হচ্ছে। এর অংশ হিসেবে ১২-১৫ অক্টোবর ইন্দোনেশিয়ার সুরাবায়ায় ইনস্টিটিউট টেকনোলজি সেপুলুহ নোপেম্বারে (আইটিএস) ‘ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি)’ কর্মসূচির আয়োজন করা হয়। ‘ব্রেকিং অ্যাটিটিউডিনাল ব্যারিয়ারস: ইনক্লুসিভ ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক এ কর্মসূচিতে ব্যাংকার, অধিকারকর্মী, শিক্ষাবিদ ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। এতে সহযোগিতা করে মোনাশ বিজনেস স্কুলের অপরচুনিটি টেক ল্যাব, আইটিএস সুরাবায়া ও পেরতুনি সুরাবায়া। প্রাইম ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
ব্যাংকটি জানিয়েছে, গবেষণাভিত্তিক এ মডিউল প্রথম বাস্তবায়িত হয় ২০২৫ সালের মে মাসে বাংলাদেশে। আচরণবিজ্ঞান, ব্যাংকিংয়ের বাস্তব অভিজ্ঞতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের অভিজ্ঞতার সমন্বয়ে তৈরি মডিউলটির লক্ষ্য আর্থিক অন্তর্ভুক্তির পথে মনোভাবগত, যোগাযোগগত ও প্রাতিষ্ঠানিক বাধা দূর করা।
ইন্দোনেশিয়ার কর্মসূচিতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং বিভাগের প্রধান এমএম মাহবুব হাসান। টিম ইনক্লুশন বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম কর্মসূচির নকশা ও প্রশিক্ষণ পরিচালনা করেন। মোনাশ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আবু জাফর শাহরিয়ার একাডেমিক ও গবেষণা কার্যক্রমে নেতৃত্ব দেন। আইটিএসের শিক্ষক ও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকর্মীরাও এতে যুক্ত ছিলেন। অংশগ্রহণকারী ও সহযোগী প্রতিষ্ঠানের মধ্যে ছিল পিএনএম, উপ্রিন্টিস ইন্দোনেশিয়া, কাওয়ান আয়ু, ব্যাংক ইন্দোনেশিয়া ও ব্যাংক মেগা শরিয়াহ।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, প্রশিক্ষণে প্রবেশগম্য যোগাযোগ, আচরণগত অনুশীলন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও প্রাতিষ্ঠানিক কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। মোনাশ ইউনিভার্সিটির মূল্যায়নে অংশগ্রহণকারীদের জ্ঞান, আত্মবিশ্বাস ও প্রশিক্ষণ পরিচালনার প্রস্তুতি বৃদ্ধির বিষয়টি উঠে আসে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ইন্দোনেশিয়ার এ কর্মসূচির পর বাংলাদেশ ব্যাংকের সম্পৃক্ততায় লিড ব্যাংক মডেলের আওতায় দেশে জাতীয় পর্যায়ে প্রশিক্ষকদের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে প্রাইম ব্যাংকের।










