দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে যৌথভাবে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছে প্রাণ ডেইরি লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই-ভোকা। মার্কিন দাতা সংস্থা ইউএসএইডের অর্থায়নে এসিডিআই-ভোকা পরিচালিত ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় দুগ্ধ খাতের উন্নয়নে কাজ করতে দুই পক্ষের মধ্যে এটি দ্বিতীয় অংশীদারত্ব।

সম্প্রতি ঢাকায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপের এমডি ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী।

চুক্তির আওতায় প্রাণ ডেইরি দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খামার ব্যবস্থাপনার ওপর খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে। প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রচারণা, খরা সহনশীল ঘাসের বীজ সরবরাহ, গবাদিপশু পালনে ঋণসহায়তা, টিকাদানসহ নানা কার্যক্রম পরিচালিত হবে। এতে অর্থায়নসহ বিভিন্নভাবে সহায়তা করবে এসিডিআই-ভোকা।

প্রকল্পের প্রথম ধাপটি ২০২৩ সালে সফলতার সঙ্গে শেষ হয়েছে। ফলে প্রকল্পের আওতাধীন অঞ্চলে প্রাণ ডেইরির দুগ্ধ সংগ্রহ ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে প্রাণ ডেইরির সিওও মাকসুদুর রহমান, ডিজিএম (মার্কেটিং) রাকিবুল ইসলাম লেনিন, ডিএম (ডেইরি এক্সটেনশন) জিহাদুল কবির, এসিডিআই-ভোকার সিনিয়র প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট নুরের রহমান এবং গ্রান্টস ম্যানেজার ইউ বা হে এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি