ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) বিশ্ব খাদ্য দিবস ২০২৪ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির কৃষি বিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের কমিউনিকেশন অ্যান্ড রিপোর্টস (পিসিআর) ইউনিটের হেড অব পার্টনারশিপ কুন লি এবং আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নিরাপদ কৃষি খাদ্য প্রচেষ্টা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. এম সালাহউদ্দিন এম চৌধুরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং অন অ্যাপ্লাইড নিউট্রিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তাসনীমা মাহজাবীন ও বাংলাদেশ ফুড সেফটি অথরিটির (খাদ্য শিল্প ও উৎপাদন) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ শোয়েব।
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইইউবিএটির কৃষি বিজ্ঞান অনুষদের ডিন মো. শহীদুল্লাহ মিয়া। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে আইইউবিএটির কৃষি অনুষদের শিক্ষার্থীরা ঐতিহ্যবাহী খাবারের মেলার আয়োজন করে।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল উন্নত জীবন ও সমৃদ্ধ ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার ও গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা।










