মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠান ‘নগদ’-এর শরিয়াহভিত্তিক সেবা ‘নগদ ইসলামিক’-এর নবগঠিত শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আয়োজিত এ বৈঠকে সেবাটির কার্যক্রম পুরোপুরি ইসলামী শরিয়াহসম্মত উপায়ে পরিচালনা ও তদারকির ওপর গুরুত্বারোপ করা হয়। এর আগে ১ অক্টোবর বোর্ডটি পুনর্গঠন করা হয়। নগদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী চিন্তাবিদ ও মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ। বোর্ডের অন্য দুই ফকিহ সদস্য হলেন মুফতি লুকমান হাসান ও ড. আবু তালিব মোহাম্মদ মোনাওয়ার। বৈঠকে নগদ ইসলামিকের সার্বিক পরিচালন নীতি পর্যালোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে মুফতি গাজী মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘নগদ ইসলামিক গ্রাহকদের জন্য পুরোপুরি শরিয়াহভিত্তিক ও সুদমুক্ত লেনদেন নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ সেবার প্রতিটি কার্যক্রম যেন শতভাগ ইসলামী শরিয়াহর নীতিমালা মেনে পরিচালিত হয়, সে লক্ষ্যে শরিয়াহ সুপারভাইজরি বোর্ড নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা বজায় রাখবে।’
বৈঠকে নগদ ইসলামিকের বিদ্যমান বিভিন্ন ডিপোজিট ও লেনদেন মডেল শরিয়াহ অনুযায়ী বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে নতুন ইসলামী আর্থিক সেবা চালুর বিষয়েও আলোচনা হয়।
নগদ ইসলামিকের অ্যাকাউন্টগুলো শরিয়াহ সুপারভাইজরি বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এসব অ্যাকাউন্টের মাধ্যমে গ্রাহকরা সুদমুক্ত ও শরিয়াহসম্মত উপায়ে ডিজিটাল লেনদেন করতে পারেন।










