দেশের উচ্চশিক্ষা সংস্কারে শিক্ষার্থীদের মতামতকে গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন আলোচকরা। মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত ‘আমিও জিততে চাই’ ক্যাম্পাস অ্যাক্টিভেশন অনুষ্ঠানে বক্তারা এ মতামত প্রকাশ করেন।

ইউএসএআইডির অর্থায়নে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং ডিআইইউর যৌথ উদ্যোগে ‘বাংলাদেশের উচ্চশিক্ষা সংস্কারে তারুণ্যের প্রত্যাশা’ শীর্ষক প্যানেল আলোচনার আয়োজন করা হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর অনিন্দ্য রহমান এই প্যানেল আলোচনার সঞ্চালনা করেন।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এসপিএল প্রকল্পের আওতায় ‘আমিও জিততে চাই’ ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিকদের প্রত্যাশা ও মতামত সংগ্রহ করা হচ্ছে। দেশজুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং জেলায় এ ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। নাগরিকদের দাবির তথ্য সংগ্রহ করা হচ্ছে amiojittechai.com ওয়েবসাইটের মাধ্যমে।

অনুষ্ঠানে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি চিফ অব পার্টি (প্রোগ্রামস) আমিনুল এহসান ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. রাশেদা রওনক খান, ডিআইইউ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

ড. রাশেদা রওনক খান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিয়ে প্রশ্ন আছে। বাকস্বাধীনতার অভাব ও অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে থাকায় আমাদের উচ্চশিক্ষা ব্যবস্থা এখনো বিশ্বমানের হতে পারেনি।"তিনি আরো বলেন, তরুণদের হাত ধরে দেশে ইতিবাচক পরিবর্তন এসেছে। আশা করি উচ্চশিক্ষার ক্ষেত্রেও তরুণদের মাধ্যমে পরিবর্তন আসবে।

যমুনা টিভির বিশেষ প্রতিনিধি মাহফুজুর রহমান মিশু বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরির জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে। আমরা উচ্চশিক্ষা নিয়ে সমাজে সম্মানিত হওয়ার আশা করি। কিন্তু বাস্তবতা ভিন্ন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজিফা জান্নাত বলেন, দেশের উচ্চশিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। শিক্ষার মান ক্ষুণ্ন করে যত্রতত্র বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এটা বাণিজ্য হয়ে গেছে।" তিনি আরো বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য যেতে হলে আমাদের দীর্ঘ প্রসেসের ভোগান্তি পোহাতে হয়। এই প্রসেস দ্রুত ও সহজ করার জন্য ডিজিটালাইজেশনের প্রয়োজন।

ডিআইইউ ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, তরুণদের হাতে দেশের সমৃদ্ধি নির্ভর করছে। তারা বিচক্ষণতার সঙ্গে দেশের যেকোনো সমস্যার সমাধান বের করতে সক্ষম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় একটি ইন্টারেক্টিভ থিয়েটার, যার ভিত্তিতে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১০ জন শিক্ষার্থী কুইজে বিজয়ী হন। পাশাপাশি ভিডিও বার্তা তৈরি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা শিক্ষাঙ্গনের বিভিন্ন ইস্যুর সমাধান নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

এ সময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি ডানা এল. ওল্ডস। তিনি তরুণদের প্রতি তার সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, সরকার ও রাজনৈতিক দলগুলো নাগরিকদের প্রত্যাশা পূরণে এগিয়ে এলে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ডেপুটি ডিরেক্টর কোরবান আলী, সিনিয়র প্রোগ্রাম অফিসার আশরুপা হক চৌধুরী, ডিআইইউর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার ইমন হাসান ভুঁইয়া, আব্দুল আওয়াল রাব্বি, ইইই বিভাগের লেকচারার সাগর হাসান, সিএসই বিভাগের লেকচারার রায়হান আলম সিয়াম প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। —বিজ্ঞপ্তি