দেশের অন্যতম প্রধান অনলাইন জব পোর্টাল মাই জবস তাদের ১৪তম বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি চারটি নতুন এআই পাওয়ারড ডিজিটাল পণ্য উদ্বোধন করেছে। এগুলো হলো— মাই জবস ওয়েব পোর্টাল, মাই জবস মোবাইল অ্যাপ, গ্রিনএইচআর এইচআরআইএস এবং মাই জবস ইআরএস ই-রেক্রুটমেন্ট সিস্টেম।
ঢাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ জনেরও বেশি পেশাদার, সিইও, সিএফও, এইচআর প্রধান এবং শিল্প বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন পণ্যগুলির উদ্বোধনের পাশাপাশি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা নতুন টুলগুলির কার্যকারিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।
মাই জবসের নতুন পণ্যগুলোতে এআই পাওয়ারড বৈশিষ্ট্য সংযুক্ত করা হয়েছে। এটি নিয়োগ প্রক্রিয়া সহজ করতে এবং চাকরিপ্রার্থীদের আরো ব্যক্তিগত কৃত অভিজ্ঞতা দিতে সহায়ক হবে। বিশেষ করে গ্রিনএইচআর এইচআরআইএস ও মাই জবস ইআরএস নিয়োগ প্রক্রিয়ায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।
মাই জবসের কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি সঠিক কর্মসংস্থান এবং দক্ষ প্রতিভা অর্জনের সমাধান নিয়ে কাজ করে যাচ্ছে। নতুন এই পণ্যগুলো আরো বেশি কার্যকরভাবে নিয়োগকর্তা ও চাকরিপ্রার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করতে সক্ষম হবে।










