স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) এসইউবির খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের উদ্যোগে পূর্বাচলের স্থায়ী ক্যাম্পাসে দিবসটি উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এবারের বিশ্ব খাদ্য দিবসের প্রতিপাদ্য ছিল, ‘উন্নত জীবন এবং উন্নত ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার’। দিবসটি উপলক্ষে এসইউবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি গণসচেতনতা মূলক র‍্যালি আয়োজন করা হয়। এছাড়াও সেমিনার ও ইনফোগ্রাফিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্টেট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডা. নওজোয়া ইয়াসমীন। খাদ্য প্রকৌশল ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রধান ড. মুহাম্মদ শফিউর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইন্সটিটিউটের অধ্যাপক ড. খালেদ ইসলাম। এ সময় তিনি উন্নত জীবন এবং উন্নত ভবিষ্যতের জন্য খাদ্যের অধিকার বিষয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউটের (আইআরআরআই) চিফ অব পার্টি ড. মো. সেরাজুল ইসলাম। বক্তারা খাদ্যকে মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

এছাড়া ইনফোগ্রাফিক প্রতিযোগিতার ফলাফলও ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মো. মেহেদী হাসান এবং মোসা. রাইহানা রহমান।