কাঁচামালের বাড়তি খরচ ও সরবরাহ সংকটের আশঙ্কায় জাপানে রাবারের দাম বেড়ে ১৫ বছরে সর্বোচ্চে পৌঁছেছে। গত বৃহস্পতিবার বিশ্ববাজারে সর্বশেষ লেনদেনে পণ্যটির দামে এ বড় উল্লম্ফন দেখা যায়। বিজনেস রেকর্ডার।
জাপানের ওসাকা এক্সচেঞ্জে (ওএসই) আগামী ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে রাবারের দাম কেজিপ্রতি ২০ ইয়েন ১০ সেন বা ৪ দশমিক ৬৭ শতাংশ বেড়েছে। এতে প্রতি কেজির দাম দাঁড়িয়েছে ৪৫০ ইয়েন ৩০ সেনে, যা ২০১১ সালের ১৩ এপ্রিলের পর সর্বোচ্চ। সরকারি ছুটির কারণে গত সোম-বুধবার পর্যন্ত জাপানের বাজার বন্ধ ছিল।
অন্যান্য এশীয় বাজারেও রাবারের দামে ঊর্ধ্বমুখী গতি লক্ষ করা গেছে। চীনের সাংহাই ফিউচার এক্সচেঞ্জে (এসএইচএফই) জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্রতি টন রাবারের দাম ৪৮০ ইউয়ান বা ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে ১৯ হাজার ৬০০ ইউয়ানে পৌঁছেছে। এছাড়া একই বাজারে নভেম্বরে সরবরাহের জন্য চুক্তিকৃত বুটাডিন রাবারের দাম ৫ দশমিক ৭৩ শতাংশ বেড়ে প্রতি টন ১৫ হাজার ৬৮০ ইউয়ানে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর এক্সচেঞ্জেও অক্টোবরে সরবরাহ চুক্তিতে রাবারের দাম ১ দশমিক ৬ শতাংশ বেড়েছে।
বাজারসংশ্লিষ্টরা জানান, বিশ্ববাজারে কাঁচামালের সংকট ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে এ দরবৃদ্ধি ঘটেছে। আফ্রিকার শীর্ষ রাবার উৎপাদনকারী দেশ আইভরি কোস্টের আবিদজান বন্দরে জাহাজ জট সৃষ্টি হয়েছে। একই সঙ্গে এল নিনোর প্রভাবে পণ্যটির কাঁচামাল উৎপাদন ব্যাহত হচ্ছে।
বিশ্বের অন্যতম প্রধান রাবার উৎপাদনকারী দেশ থাইল্যান্ডে ভারি বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, থাইল্যান্ডের প্রধান উৎপাদন অঞ্চলগুলোয় অতিবৃষ্টির কারণে রাবার কষ সংগ্রহের কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সরবরাহ কমে যাওয়ায় বাজারে কাঁচামালের দাম চড়া রয়েছে, যার প্রভাব পড়েছে বিশ্ববাজারে।










