যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) নানা দেশের বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং প্রকাশ করে থাকে। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৫-এ যৌথভাবে বাংলাদেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে বিশ্বে ৮০১-১০০০-এর মধ্যে স্থান করে নিয়েছে এনএসইউ। এ বছরের র‍্যাংকিংয়ে ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।

বাংলাদেশের মোট ১৭টি বিশ্ববিদ্যালয় এ বছর র‍্যাংকিংয়ে স্থান পেয়েছে। তবে গত বছর আরো তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছিল এনএসইউ। তখন শীর্ষ চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বছর শীর্ষস্থান ধরে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও এনএসইউ। সেই সঙ্গে নতুন তিনটি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে উঠে এসেছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এমন সাফল্যের জন্য শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং অন্য নিয়ন্ত্রক সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। —বিজ্ঞপ্তি