ক্রিসমাস উপলক্ষে যুক্তরাজ্যের পোস্ট অফিসগুলোর নগদ অর্থ উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ২২ ডিসেম্বর আগের বছরের তুলনায় নগদ উত্তোলনের হার বেড়েছে বলে জানিয়েছে দেশটির পোস্ট অফিস কর্তৃপক্ষ। খবর বিবিসি।
খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে একদিনে সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলন করেছেন গ্রাহকরা। শেষ মুহূর্তের কেনাকাটা এবং বড়দিনের উপহার কিনতে গ্রাহকরা তাদের অর্থ উত্তোলন করেছেন। এ বছর একদিনে অর্থ উত্তোলন করা হয়েছে মোট ৬ কোটি ২০ লাখ পাউন্ড। যেখানে আগের বছর একদিনে সর্বোচ্চ তোলা হয়েছিল ৫ কোটি ১৫ লাখ পাউন্ড।
এছাড়া ক্রিসমাসের দিন ব্যক্তিগত অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অর্থ তোলা হয়েছে ৮ লাখ পাউন্ড। আর ওইদিন জমা হয়েছে ১০ লাখ পাউন্ড।
বিভিন্ন বাণিজ্যিক গ্রাহকের জামানত ছিল ১০ লাখ পাউন্ডের কিছু বেশি। দেশটিতে নগদ অর্থ উত্তোলনের জন্য পোস্ট অফিসের ১১ হাজার ৫০০টিরও বেশি শাখা রয়েছে।
যুক্তরাজ্যের বৃহৎ নগদ লেনদেনের নেটওয়ার্ক লিঙ্ক জানায়, চারদিনের ছুটিতে যাওয়ার আগে ২২ ডিসেম্বর ছিল শেষ কর্মদিবস। এ কারণে ওইদিন সবচেয়ে বেশি টাকা উত্তোলন করা হয়েছে। সব মিলিয়ে ৪৬ কোটি পাউন্ড তোলা হয়েছে।
মূলত বড়দিনের ছুটির আগে শুক্রবার শেষ কার্যদিবস হওয়ায় অর্থ তোলার হার অন্যান্য সময়ের তুলনায় বেড়েছিল। কভিডের পর থেকে একদিনের হিসাবে এটিই সর্বোচ্চ নগদ অর্থ উত্তোলন।
লিঙ্কের স্ট্রাটেজি ডিরেক্টর গ্রাহাম মট জানান, ক্রিসমাসের ছুটিতে লোকজন বেড়াতে গেছে। এটিএম বুথে টাকা তুলেছে। নতুন জিনিসপত্র যেমন নিজের জন্য কিনেছে, তেমনি অন্যদের উপহার দিয়েছে।
পোস্ট অফিসগুলো সাধারণত মাসে ৩৩০ কোটি পাউন্ড নগদ অর্থ লেনদেন করে। নভেম্বরে এ লেনদেন রেকর্ড ছুঁয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় জীবনযাপনের খরচ বেড়েছে। এ কারণে এখন অনেক মানুষ দৈনন্দিনের ব্যয় মেটাতে হাতে নগদ অর্থ রাখছে।
সেপ্টেম্বরে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, কেনাকাটায় নগদ অর্থের ব্যবহার বেড়েছে। ১০ বছর পর গত বছর থেকে এটা বাড়তে শুরু করেছে।
ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম জানায়, গত বছর নগদ অর্থে কেনাকাটা ১৯ শতাংশ বেড়েছে, যা ২০২১ সালে ১৫ শতাংশ বেড়েছে। তবে আগামী বছর নগদ অর্থে লেনদেন কমে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।











