রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সম্প্রতি বহুতল বাণিজ্যিক ভবন ‘কনকর্ড হরাইজন টাওয়ার’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে আবাসন ও নির্মাণ প্রতিষ্ঠান কনকর্ড গ্রুপ। প্রায় ৪০ কাঠা জমির ওপর নির্মিতব্য ভবনটিতে থাকবে চারটি বেজমেন্ট ও গ্রাউন্ড ফ্লোরসহ ১১টি সুপরিসর ফ্লোর স্পেস। কনকর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আধুনিক স্থাপত্যশৈলী ও সর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নির্মিতব্য ভবনটিতে থাকবে চারটি প্যাসেঞ্জার লিফট, সুপরিসর পার্কিং এবং বিভিন্ন আয়তনের অফিস স্পেস। এর কয়েকটি ফ্লোরে ১২ হাজার বর্গফুটের বেশি আয়তনের অফিস স্পেস রাখা হবে।
ভবনটিতে অগ্নিনির্বাপণ ও নিরাপত্তা ব্যবস্থা, বিল্ডিং ম্যানেজমেন্ট অ্যান্ড অটোমেশন সিস্টেম, পরিবেশবান্ধব ও জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি এবং স্মার্ট অ্যাকসেস কন্ট্রোলসহ অফিস অটোমেশন সুবিধা থাকবে। আধুনিক কর্মপরিবেশ নিশ্চিতে থাকছে ক্যাফে, জিমনেশিয়াম ও সুইমিং পুল।
কনকর্ড গ্রুপ বলছে, তেজগাঁও শিল্প এলাকায় অবস্থানের কারণে ভবনটি থেকে রাজধানীর অন্য প্রধান বাণিজ্যিক কেন্দ্র ও গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়াত সহজ হবে। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে প্রকল্পটির নির্মাণকাজের আনুষ্ঠানিক সূচনা হলো।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কয়েক দশক ধরে আবাসিক, বাণিজ্যিক ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে কনকর্ড গ্রুপ। প্রতিষ্ঠানটির প্রত্যাশা, নতুন এ প্রকল্প আধুনিক ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য একটি মর্যাদাপূর্ণ ঠিকানা তৈরির পাশাপাশি রাজধানীর বাণিজ্যিক উন্নয়নেও ভূমিকা রাখবে।










