‘কানেক্ট অ্যান্ড ক্রিয়েট: সাসটেইনেবল সাপ্লাই চেইন নেটওয়ার্কিং ফর সাকসেস’ শীর্ষক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্লাই চেইন স্ট্রিটের ৭ম সংখ্যা উদ্বোধন করা হয়েছে। এ নতুন ম্যাগাজিনটি সাপ্লাই চেইন শিল্পে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
অল কমিউনিটি ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সাপ্লাই চেইন শিল্পের বিশিষ্ট ব্যক্তিত্ব, গণমাধ্যমের প্রতিনিধি ও অনুরাগীরা উপস্থিত ছিলেন।
ম্যাগাজিনের এ সংখ্যাটি সাসটেইনেবল সাপ্লাই চেইন প্রচারে কাজ করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে সাসটেইনেবল অনুশীলনের ওপর বিশেষ ফোকাস করবে।
অনুষ্ঠানের শুরুতে ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ মোহাম্মদ মামুন চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন। তিনি ম্যাগাজিনটির সৃজনশীল প্রক্রিয়া ও দর্শনের বিষয়ে আলোকপাত করেন।
অনুষ্ঠানে কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন দ্য সাপ্লাই চেইনের সভাপতি এম আশরাফুল ইসলাম খান। তিনি বলেন, একটি কার্যকরী ও সাসটেইনেবল সাপ্লাই চেইন সংস্থার স্থিতিশীলতা বাড়ায়, ঝুঁকি কমায় এবং বৃত্তাকার অর্থনীতি ও বৈচিত্র্যপূর্ণ সরবরাহ কৌশলের মাধ্যমে দক্ষতা বাড়ায়।
বাটা বাংলাদেশ লিমিটেডের সাপ্লাই চেইন ডিরেক্টর মো. নবীউল ইসলাম খান বলেন, সাসটেইনেবল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে অন্যান্য ব্যবসার সঙ্গে সহযোগিতামূলক ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে।
মাইন্ড ম্যাপার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইজাজুর রহমান বলেন, দেশের সাসটেইনেবিলিটিতে অবদান রাখতে আমাদের ব্যবসায়িক ও ব্যক্তিগত জীবনের প্রতিটি দিকে আরো দায়িত্বশীল হতে হবে। আমাদের সর্বোত্তম উপায়ে এ পৃথিবীতে বসবাস করতে হবে। দেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক বৃদ্ধি এবং পরিবেশকে সমান গুরুত্ব দিয়ে চিন্তা করতে হবে। পোশাক শিল্পে মেশিনগুলো ৪৫ শতাংশের কম ক্ষমতায় কাজ করছে।
গ্রামীণ ডানোন ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেপশ নাগ বলেন, বিভিন্ন বহিরাগত স্টেকহোল্ডারের সঙ্গে সম্মতি রাখতে আমরা সাসটেইনেবিলিটির ক্ষেত্রে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। তবে আমরা আমাদের পক্ষ থেকে সমাজে অবদান রাখার চেষ্টা করছি।
ইউনিলিভার বাংলাদেশের সাপ্লাই চেইন ডিরেক্টর রুহুল কুদ্দুস বলেন, একজন নাগরিক হিসেবে আমাদের প্লাস্টিক পণ্য ব্যবহারে আরো দায়িত্বশীল হওয়া উচিত। আমাদের সাসটেইনেবল সমাজের জন্য আরো সচেতনতা তৈরি করতে হবে। যদি আমরা প্লাস্টিকের আইটেমগুলো সঠিকভাবে ব্যবহার করি, তাহলে আমরা সেগুলো পুনর্ব্যবহার করতে পারব।
অনুষ্ঠানে শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে প্যানেল আলোচনাও অনুষ্ঠিত হয়। তারা সাপ্লাই চেইন অপারেশনের ক্রমবর্ধমান পরিস্থিতির ওপর মূল্যবান দৃষ্টিকোণ ভাগ করে নেন। অতিথিরা শিল্পের ভবিষ্যতের জন্য সহযোগিতামূলক সমাধান নিয়ে আলোচনা ও নেটওয়ার্কিং করার সুযোগ পান।
অ্যাডভান্টিস/কর্ণফুলী অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর ছিল। গোল্ড স্পন্সর ছিল এস্টা এবং এক্সক্লুসিভ পার্টনার ছিল পিএইচপি ফ্যামিলি। গ্রামীণ ডানোন ফুডস লিমিটেড নিউট্রিশন পার্টনার এবং পোলার আইসক্রিম পার্টনার ছিল। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং এএসসিপিবি মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেছে।










