আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন উপলক্ষে দৌড় প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)। আগামী ৬ নভেম্বর রাজধানীর হাতিরঝিলে ‘সিএ বাংলাদেশ অ্যাকাউন্টিং ডে রান-২০২৬’ শীর্ষক এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

গতকাল রাজধানীর সিএ কার্যালয়ে প্রতিযোগিতার লোগো, টি-শার্ট ও মেডেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। মোট তিনটি শ্রেণীতে এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে—১৫ কিলোমিটার, সাড়ে সাত কিলোমিটার ও এক কিলোমিটার। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এসব শ্রেণীতে এরই মধ্যে প্রায় চার হাজার ব্যক্তি নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংবাদ সম্মেলনে আইসিএবির সভাপতি সাব্বীর আহমেদ বলেন, ‘ছোটবেলায় আমরা খেলাধুলার জন্য যে পরিমাণ জায়গা পেতাম, এখন সে পরিমাণ জায়গা দেখা যাচ্ছে না। আমাদের দৌড় প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো খেলাধুলা ও শরীরচর্চাকে উৎসাহিত করা।

বর্তমান দ্রুতগতির বিশ্বে পেশাজীবীদের একাডেমিক বা কর্মজীবনের শ্রেষ্ঠত্বের পাশাপাশি শারীরিক সুস্থতারও ভারসাম্য বজায় রাখতে হয়। এ প্রতিযোগিতাটি সেই ভারসাম্যেরই একটি উদযাপনে রূপ নেবে।’