দেশের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ‘যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারটির মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি, আবেদন এবং যাত্রা সম্পর্কিত পরামর্শ দিয়ে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার স্টিফেন ইটন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থা সবসময়ই জীবন পরিবর্তনকারী। বাংলাদেশী শিক্ষার্থীরা তাদের জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন।
এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী সেমিনারে সভাপতির বক্তব্যে বলেন, উচ্চশিক্ষা গ্রহণের মাধ্যমে বিশ্ব নেতৃত্বে আসার সুযোগ তৈরি হয়। শিক্ষার্থীদের বিভিন্ন দেশের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করার প্রয়োজন আছে, যা তাদের জ্ঞান ও দক্ষতা বাড়াতে সহায়ক হবে।
সেমিনারে আরো বক্তব্য রাখেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার। পরে এনএসইউর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ড. সাইকা আক্তার বিশ্ববিদ্যালয়টির শিক্ষার মান এবং সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেন।
এছাড়াও এডুকেশন ইউএসএ-র উপদেষ্টা স্বপ্নীল আহমেদ যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ এবং আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে চার হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে। শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্কলারশিপ ও গবেষণা করার সুযোগও রয়েছে।
অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া হয় এবং উচ্চশিক্ষার বিষয়ে তাদের পরামর্শ প্রদান করা হয়।
এনএসইউর স্কুল অব হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক এস এম সৌমেন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে এনএসইউর পাবলিক রিলেশন্স অফিসের পরিচালক মির্জা সাদমান আবদুল্লাহ, ফ্যাকাল্টি সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি










