গণমাধ্যম, সংবাদ, সাংবাদিকতা, জনসংযোগ, ব্রান্ডিং, বিজ্ঞাপন বাজার ও গণমাধ্যম ডিরেক্টরি নিয়ে ১৭৪ পৃষ্ঠার তথ্যভিত্তিক সংকলন 'গণমাধ্যমে হাতেখড়ি' বইয়ের মোড়ক উন্মোচন হবে আগামীকাল মঙ্গলবার। বইটির মোড়ক উন্মোচন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিকেল ৪টায় অমর একুশে বইমেলার গ্রন্থ উন্মোচন মঞ্চে অনুষ্ঠিত হবে এটি।
বইটি লিখেছেন কৃষিবিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক সালেহ মোহাম্মদ রশীদ অলক। মোড়ক উন্মোচনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
বইটিতে গণমাধ্যম, গণমাধ্যমের ধরণ, বাংলাদেশের শীর্ষ দৈনিক পত্রিকা, টেলিভিশন চ্যানেল, এফএম রেডিওর মালিকের নাম ও পরিচয় রয়েছে। এছাড়া বাংলাদেশের সকল শীর্ষ গণমাধ্যমের ঠিকানা, প্রতিষ্ঠানভিত্তিক শীর্ষ কর্মকর্তাদের মোবাইল নম্বর, আইপি টিভির নিবন্ধন প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের বিবরণ, সাংবাদিকের কাজ, যোগ্যতা, ক্যারিয়ার, ক্ষেত্রসমূহ, আয়, সাংবাদিকতার বিভিন্ন কোর্স, সংবাদ উপস্থাপক, আরজে পেশা, ওয়েজবোর্ড, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট, গণমাধ্যম সংশ্লিষ্ট সংগঠন, বিট ভিত্তিক সংগঠনের প্রাথমিক তথ্য রয়েছে এ বইটিতে।
পাশাপাশি বইটিতে সংবাদ কি, লেখার নিয়ম, সংবাদের উল্টো পিরামিড কাঠামো, টিভি সংবাদ তৈরির কাঠামো, ফিচার, সম্প্রচার সাংবাদিকতার পরিভাষা, বিট রিপোর্টিং, সংবাদপত্রের বিভিন্ন বিভাগ, কর্মরতদের পদবীসমূহ, জনসংযোগ, সংবাদ বিজ্ঞপ্তি লেখা ও প্রেরণের মৌলিক বিষয়, সংবাদ সম্মেলন, খবরের প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদানের পদ্ধতি, মানহানি কি, মানহানি হলে আইনের আশ্রয়, ফৌজদারি আদালতে মানহানির মামলা, প্রেস কাউন্সিলে মামলা, চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নিয়ে সংবিধানের ৩৯ তম অনুচ্ছেদের বিবরণও রয়েছে।
গণমাধ্যমে হাতেখড়ি বইটি প্রকাশিত হচ্ছে আল-হামরা প্রকাশনী থেকে। এটি বইমেলায় ৫৭৯ নম্বর স্টলে পাওয়া যাবে।
বইটি সম্পর্কে লেখক বলেন, গণমাধ্যম আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। বাংলাদেশের মিডিয়া সংক্রান্ত প্রাথমিক তথ্যের এই সংকলন বাস্তব জীবনে গণমাধ্যমের নানাবিধ ব্যবহারে হাতেখড়িতে সহায়ক হবে।










