পশ্চিমবঙ্গের খ্যাতিমান সাহিত্যিক শংকর আর নেই। চৌরঙ্গী, কত অজানারে, জন অরণ্যের মতো জনপ্রিয় উপন্যাসের এ লেখকের পূর্ণ নাম মণিশংকর মুখোপাধ্যায়। আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি, বয়স হয়েছিল ৯২।
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, একাধিক শারীরিক সমস্যা নিয়ে সপ্তাহ দুই আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান এ সাহিত্যিক। তার মৃত্যুও হয়েছে সেখানে।
এর আগে গত ডিসেম্বরে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যায় শংকরের। ওই সময়ও তাকে ভর্তি হতে হয়েছিল হাসপাতালে। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
শংকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘বাংলার প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়ের (শংকর) প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তার প্রয়াণে বাংলা সাহিত্য জগতের একটি উজ্জ্বল নক্ষত্রের পতন হল।’
মমতা বন্দোপাধ্যায় আরো বলেন, ‘চৌরঙ্গী থেকে কত অজানারে, সীমাবদ্ধ থেকে জনঅরণ্য- তার কালজয়ী সৃষ্টিগুলি প্রজন্মের পর প্রজন্ম বাঙালি পাঠককে মুগ্ধ করেছে। তার লেখনীর আধারে উঠে এসেছে সাধারণ মানুষের জীবনসংগ্রামের না-বলা কথা। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে নিয়ে তার সুগভীর গবেষণা ও গ্রন্থসমূহ আমাদের কাছে অমূল্য সম্পদ।’
১৯৩৩ সালের ৭ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের যশোরে জন্ম শংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেই কলকাতায় চলে যান। বসবাস করতে থাকেন হাওড়ায়। সেখানেই শংকরের বেড়ে ওঠা ও লেখাপড়া। পরবর্তীকালে তার সাহিত্যচর্চার শুরুও সেখান থেকেই।
শংকরের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। তার লেখা উপন্যাস থেকে চলচ্চিত্র সীমাবদ্ধ ও জন অরণ্য নির্মাণ করেছেন সত্যজিৎ রায়। তার সবচেয়ে পরিচিত উপন্যাস ‘চৌরঙ্গী’ অবলম্বনেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। এতে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেছেন উত্তম কুমার।









