পাবনা সদর উপজেলার একটি বিলে মাছ ধরার সময় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোপিনাথপুর এলাকার ব্রিজসংলগ্ন সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিকালের দিকে এলাকায় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। অল্প সময়ের মধ্যেই বজ্রপাতের তীব্র শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিলে থাকা কয়েকজন মাছ ধরার জন্য ব্যবহৃত একটি অস্থায়ী মাচাংঘরে আশ্রয় নেন। পলিথিন দিয়ে তৈরি ওই ঘরের ওপর বজ্রপাত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে গিয়ে ছয়জনকে মৃত অবস্থায় পান। আহত তিনজনকে চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়।

মালঞ্চি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বাবু বলেন, বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে তারা পলিথিন দিয়ে তৈরি ঐ অস্থায়ী ঘরে আশ্রয় নেন। ওই ঘরেই বজ্রপাত আঘাত হানে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, নিহতদের সবাই কিশোর ও তরুণ বয়সী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করা যায়নি।

এদিকে ঘটনার পর প্রাণ হারানোদের পরিচয় শনাক্তের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। এ ঘটনায় বিষয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।