জাপানের সঙ্গে বাংলাদেশের ‘বিগ-বি’ উদ্যোগ নিয়ে জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এ ধরনের মন্তব্যের আগে দুই দেশের যৌথ বিবৃতি পড়ে দেখা উচিত। না জেনে, না বুঝে বা না পড়ে দেশ বিক্রি হয়ে যাওয়ার মতো মন্তব্য করা দায়িত্বশীল আচরণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এ সময় এক সাংবাদিক প্রশ্ন করেন, মাতারবাড়ী ও বিগ-বি উদ্যোগ নিয়ে জামায়াতে ইসলামীর আমির সার্বভৌমত্ব লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছেন এবং এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার আগে দেশের মানুষকে জানানোর কথা বলেছেন। এ বক্তব্যকে কীভাবে দেখছেন?

জবাবে প্রতিমন্ত্রী বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি বৃহত্তম ধর্মীয় রাজনৈতিক দল। সো ওয়ান এক্সপেক্ট রেসপন্সিবল বিহেভিয়ার, রেসপন্সিবল কমিউনিকেশন ফ্রম দেম। তার মতে, যৌথ বিবৃতিটি পড়লেই এ ধরনের আশঙ্কার উত্তর পাওয়া যাবে। তিনি সাংবাদিকদেরও দুই দেশের প্রকাশিত যৌথ বিবৃতি পড়ার আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, না দেখে, না বুঝে, না পড়ে দেশ বিক্রি হয়ে গেছে বা দেশ বিক্রির কাজ করা হচ্ছে—এ ধরনের মন্তব্য করা হলে বিষয়টি অন্য রকম হয়ে যায়। এ বিষয়ে নিজের বক্তব্যের সমর্থনে তিনি বাংলাদেশ ও জাপানের যৌথ বিবৃতি দেখার পরামর্শ দেন।

প্রধানমন্ত্রীর জাপান সফরে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, বিগ-বি উদ্যোগ এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে জানানো হয়, বিগ-বিকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ।