নেত্রকোনার কেন্দুয়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও তার ৬ বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। এ সময় ৪ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের দুর্গাপুর লাহিড়ী বাড়ি মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন,মাহমুদুল হক শাহীন (৪০) ও তার ছেলে রাজিন (৬)। শাহীন কেন্দুয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন। তাদের বাড়ি কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের আমতলী গ্রামে।

এ দুর্ঘটনায় নিহত শাহীনের স্ত্রী তুহীন (২৯) ও মেয়ে মুমু (৭) আহত হন। এছাড়া অপর মোটরসাইকেলে থাকা ময়মনসিংহের নান্দাইল উপজেলার মো. ওয়াশিদ (৩৫) ও তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, আহত চারজনের মধ্যে ওয়াশিদ ও তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহীন ও তার ছেলে রাজিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহত বাবা ও ছেলের মরদেহ বর্তমানে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।