দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ ছিল ১ হাজার ৩১৬ জনের। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৫ জনের। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে ৩০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া দুজনের মধ্যে একজন খুলনা ও একজন সিলেট বিভাগের। এ সময়ে নিশ্চিত হাম নিয়ে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৭৭০ জনের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৬ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম নিয়ে মারা গেছেন ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৭১ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৮ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৬ হাজার ৬৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ ৪৯৭ জন শনাক্ত হয়েছেন। এ সময়ে চট্টগ্রাম বিভাগে ২৫৯, সিলেটে ১৩৯, বরিশালে ১৩০, খুলনায় ১১৪, ময়মনসিংহে ১০৪, রাজশাহীতে ৪৪ এবং রংপুরে ২৯ জন শনাক্ত হয়েছেন।