সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশী শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ দেশে আনা হচ্ছে। আগামীকাল শনিবার সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-৩৩৬) মরদেহগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে আজ শুক্রবার এসব তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এই সাতজন হলেন— নওগাঁ সদরের মো. শাহিন, আত্রাইয়ের মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামানিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোর নলডাঙ্গার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

গত ৯ অগাস্ট সৌদি আরবের রিয়াদে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ১৬ বাংলাদেশী শ্রমিক প্রাণ হারান। তাদের মধ্যে ২৭ আগস্ট প্রথম দফায় নয় কর্মীর মরদেহ দেশে পাঠানো হয়। তবে আগুনে মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় বাকি ৭ জনের মরদেহ সে সময় শনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়।

দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িক স্থগিত থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেয়া হয়। সেখান থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। মরদেহগুলো বিমানবন্দরে পৌঁছানোর পর তাদের স্বজন এবং প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।