জাপান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটি সফর করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাপানের একটি এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্য ছিল সেখানকার স্থাপনা ও কার্যক্রম সম্পর্কে ধারণা নেয়া। বাংলাদেশে এ ধরনের একটি ব্যবস্থা গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে বলেও জানান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ের প্রশ্নোত্তর পর্বে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ বর্তমানে জ্বালানি সংকটে রয়েছে। জাপান থেকে এলএনজি আমদানির বিষয়ে সফরে কতদূর আলোচনা হয়েছে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জাপানে এলএনজি আমদানির বিষয়ে আলোচনা করতে যাননি। তিনি দেশটির একটি এলএনজি টার্মিনাল পরিদর্শন করেছেন সেটির স্থাপনা, পরিচালনা ও কার্যক্রম সম্পর্কে ধারণা নিতে।

তিনি আরো বলেন, ওই ফিল্ড ভিজিটটার উদ্দেশ্য ছিল হাউ ইট ওয়ার্কস- এটার ধারণা নেয়ার, যেহেতু আমরা একটা চিন্তাভাবনা করছি।

প্রধানমন্ত্রী সফরের সময় জাপানের ফুতসু শহরে জেরা (জেইআরএ)-এর স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেন। জ্বালানি সক্ষমতা বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণে জাপানের ৫ হাজার কোটি ইয়েন বা প্রায় ৩১৪ মিলিয়ন ডলারের জরুরি ঋণসহায়তার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

একই ব্রিফিংয়ে জাপানের পক্ষ থেকে প্রস্তাবিত অর্থনৈতিক মিশন কবে বাংলাদেশে আসবে সে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, দুই দেশের যৌথ মন্ত্রী পর্যায়ের বৈঠকের পাশাপাশি জাপান একটি অর্থনৈতিক মিশন পাঠাবে। পারস্পরিক সুবিধাজনক সময়ে এ মিশন আসবে বলে জানান তিনি। তবে মিশন পাঠানোর নির্দিষ্ট তারিখ উল্লেখ করেননি প্রতিমন্ত্রী।