বাংলাদেশ ও জাপানের ‘বিগ-বি’ উদ্যোগে তৃতীয় কোনো দেশকে যুক্ত করা কিংবা বঙ্গোপসাগরকেন্দ্রিক আঞ্চলিক শিল্প ও সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে দুদেশের মধ্যে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, বিগ-বি সম্পূর্ণভাবে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় অর্থনৈতিক অংশীদারত্বের উদ্যোগ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নিয়ে আজ শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলেনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিগ-বিকে ‘শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার মধ্য দিয়ে মাতারবাড়ীকে কেন্দ্র করে নেপাল, ভুটান ও ভারতকে অন্তর্ভুক্ত করে বৃহত্তর শিল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, জাপানের সঙ্গে আলোচনায় বাংলাদেশ স্পষ্ট করেছে যে, দুদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েই আলোচনা হচ্ছে। যৌথ বিবৃতিতেও অন্য কোনো দেশের উল্লেখ নেই।

প্রতিমন্ত্রী বলেন, এখানে জয়েন্ট কমিউনিকেতে দেখবেন কোনো কান্ট্রি রেফারেন্স নাই। থার্ড কান্ট্রি ডিসকাশন এখানে কোনো রেফারেন্স নাই। এখানে বে অব বেঙ্গলের কোনো রেফারেন্স নাই। তিনি বলেন, অন্য কোনো দেশকে নিয়ে এ ধরনের আলোচনা বা তৃতীয় কোনো দেশের প্রসঙ্গ বৈঠকে আসেনি।

তিনি আরো বলেন, বিগ-বি বাংলাদেশ ও জাপানের একান্ত অর্থনৈতিক অংশীদারত্বের উদ্যোগ। দুদেশের বাইরে অন্য কোনো পক্ষকে অন্তর্ভুক্ত করে কোনো আলোচনা হয়নি।

প্রধানমন্ত্রীর জাপান সফরে বিগ-বিকে ‘বিগ-বি ফর শেয়ার্ড প্রসপারিটি’ পর্যায়ে উন্নীত করার সিদ্ধান্ত হয়। এ উদ্যোগের আওতায় বিদ্যুৎ, জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প ও আইসিটি অবকাঠামোর সমন্বিত উন্নয়ন, বাংলাদেশের বাণিজ্য ও সরবরাহের প্রবেশদ্বার হিসেবে বিকাশ এবং প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছে দুদেশ।