বিলাসবহুল উড়োজাহাজ ভ্রমণে নতুন কিছু যোগ
করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার এয়ারলাইনস সংস্থা কোয়ান্টাস। সেখান থাকছে চোখ ধাঁধানো সাজসজ্জা
ও আয়েশের ব্যবস্থা। ২০২৫ সাল নাগাদ উন্মুক্ত হবে ‘প্রজেক্ট সানরাইজ’ নামের এই পরিষেবা।
খবর সিএনএন।
গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সংস্থাটি
১২টি এয়ারবাস এ৩৫০-এর মডেল উন্মোচিত করেছে। এ সব উড়ান সরাসরি যাত্রী নিয়ে যাবে নিউইয়র্ক
ও লন্ডনসহ অন্যান্য রুটে।
এ প্রকল্পে যাত্রীরা উড়োজাহাজের সামনে বসে
নিরবিচ্ছিন্ন ১৯ ঘণ্টা ভ্রমণের সুযোগ পাবেন।
নতুন আঙ্গিকের এই উড়োজাহাজে মাত্র ২৩৮ জন যাত্রী উড্ডয়ন করতে পারবেন। সাধারণত এ সব ফ্লাইটে ৩০০ যাত্রী পরিবহন করা হলেও বিলাসী আয়োজনের কারণে সংখ্যা কমিয়ে আনা হয়েছে।
ছবি: সিএনএন
এই উড়োজাহাজের লেআউটে রয়েছে ১-১-১ কনফিগারেশনের
ছয়টি প্রথম শ্রেণীর আসন। ১-২-১ কনফিগারেশনের ৫২টি বিজনেস ক্লাস। ২-৪-২ কনফিগারেশনে
৪০টি প্রিমিয়াম ইকোনমি আসন ও ৩-৩-৩ কনফিগারেশনে ১৪০টি ইকোনমি আসন।
ফার্স্ট ক্লাস কেবিন সিট বা ফার্স্ট স্যুটে
থাকবে বিশেষ প্রশস্ত বেড, ২২ ইঞ্চি চওড়া লাউঞ্জ চেয়ার, ওয়ারড্রব ও ডাইনিং টেবিল। বিনোদনের
জন্য থাকবে ৩২ ইঞ্চি হাই ডেফিনিশন টিভি।
সব মিলিয়ে হোটেল রুমের নির্জনতার স্বাদ পাবেন
যাত্রীরা। গোপনীয়তা রক্ষার জন্য চারপাশে উঁচু দেয়াল থাকবে, আছে দরজাও।
ইলেকট্রনিক ডিভাইসের জন্য থাকবে বেশ কিছু চার্জিং পয়েন্ট। রাখা হবে ফ্রি ওয়াইফাই সুবিধা। বসে থাকতে থাকতে অস্বস্তিবোধ হলে সতেজতা নেয়ার জন্য থাকবে ‘ওয়েলবিয়িং জোন’।
ছবি: সিএনএন
পুরো প্যাকেজে যাত্রীর স্বস্তিকে গুরুত্ব
দেয়া হয়েছে। প্রকল্প সফল করার জন্য কাজ করছেন নামী ডিজাইনার ও উড্ডয়ন বিশেষজ্ঞরা। রয়েছেন
সিডনি বিশ্ববিদ্যালয়ের চার্লস পারকিন্স সেন্টারের বিজ্ঞানী ও গবেষকদের বিশেষ দল।
উড্ডয়ন ইতিহাসে দীর্ঘ ও বিরামহীন ভ্রমণের
রেকর্ড এর আগেও সৃষ্টি করেছে কান্টাস। এবার আকাশ পথে আরাম-আয়েশে নতুন অভিজ্ঞতা দেবে
সংস্থাটি।










