জানুয়ারির কনকনে শীতের মাঝে আজ নেদারল্যান্ডসের আমস্টারডামে বসন্তের আমেজ। প্রতি বছর জানুয়ারির তৃতীয় শনিবার যখন বিশ্বের এ অংশ বরফে ঢাকা থাকে, তখন ডাচরা মেতে ওঠেন তাদের প্রাণের ফুল টিউলিপ নিয়ে। সে হিসেবে আজ ১৭ জানুয়ারি নেদারল্যান্ডসের জাতীয় টিউলিপ দিবস।

আজকের দিনটি মূলত টিউলিপ মৌসুমের আনুষ্ঠানিক উদ্বোধন। সারা বিশ্বে টিউলিপ ফুলের সৌন্দর্য ও গুরুত্বকে স্বীকৃতি দেয়ার জন্য দিনটি উদযাপন করা হয়। আর এ উৎসবের শুরু ১৯৫০-এর দশকে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্থানে টিউলিপ ফুলের কৃত্রিম বাগান তৈরি করা হয়। দর্শনাথীরা সেখানে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যান, ছবি তোলেন। সেইসঙ্গে বিনামূল্যে ফুল সংগ্রহ করতে পারেন।

National-Tulip-Day-(2)

আজকের দিনের সবচেয়ে বড় আকর্ষণ আমস্টারডামের ঐতিহাসিক 'ড্যাম স্কয়ার'। সেখানে তৈরি করা হয়েছে নানা রঙের ও জাতের প্রায় দুই লাখ টিউলিপের এক বিশাল কৃত্রিম বাগান। ডাচ টিউলিপ চাষিরা মিলে প্রতি বছর এ বাগানে ভিন্ন ভিন্ন থিম বা নকশায় ফুল সাজান।

তবে এ উৎসবের সবচেয়ে চমৎকার দিকটি হলো— ‘ফ্রি পিকিং’। হাজার হাজার পর্যটক ও স্থানীয় মানুষ এ বাগানে প্রবেশ করতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে। ভেতরে প্রবেশের পর যেকেউ নিজের পছন্দমতো এক তোড়া (প্রায় ২০টি) টিউলিপ বিনামূল্যে তুলে নিতে পারেন। দৃশ্যটি একাধারে উৎসবমুখর ও দৃষ্টিনন্দন।

7001922dd0c840a4b20277ca094a7722

নেদারল্যান্ডসের জাতীয় ফুল ডেইজি হলেও দেশটি টিউলিপ ফুলের বিখ্যাত কেন্দ্র। টিউলিপ কেবল একটি ফুল নয়, এটি নেদারল্যান্ডসের জাতীয় প্রতীক ও অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ১৬০০ শতকে অটোমান সাম্রাজ্য থেকে এ ফুল নেদারল্যান্ডসে আসে। এক সময় ফুলটির কন্দ বা বাল্বের দাম এত বেড়েছিল যে, মানুষ ঘরবাড়ি বিক্রি করে টিউলিপের বাল্ব কিনত, যাকে ইতিহাসে 'টিউলিপ ম্যানিয়া' বলা হয়। বর্তমানে বিশ্বজুড়ে যে টিউলিপ বাণিজ্য হয়, তার প্রায় ৮০ শতাংশই নিয়ন্ত্রিত হয় নেদারল্যান্ডস থেকে।