কক্সবাজারের উখিয়ার ইনানী ছোটখাল ব্রিজসংলগ্ন এলাকায় টানা চারদিন ধরে ভূগর্ভ থেকে নির্গত গ্যাসের আগুনের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। জননিরাপত্তার স্বার্থে গ্যাস নির্গমনের স্থান থেকে চারপাশের ২০০ মিটার এলাকার মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান ও দিয়াশলাই-লাইটার ব্যবহারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পান্না আক্তার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারায় এ আদেশ জারি করেন।
এতে বলা হয়, গত ২৭ অক্টোবর সকাল ৭টার দিকে জালিয়াপালং ইউনিয়নের ইনানী ছোটখাল ব্রিজসংলগ্ন একটি বাড়িতে নলকূপ স্থাপনের সময় মাটির গভীরে পাইপ প্রবেশ করানোর পর্যায়ে গ্যাস নির্গত হয়ে আগুনের সূত্রপাত হয়। এরপর থেকে সেখানে গ্যাসের আগুন জ্বলছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করছে। এছাড়া ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের মজুদ থাকার সম্ভাবনা বিবেচনায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূতাত্ত্বিক পরীক্ষা-নিরীক্ষার পর দলটি প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ দিয়েছে।










