মানুষ ভাষা ছাড়াও নানাভাবে মনের ভাব প্রকাশে সক্ষম। একে অন্যের সঙ্গে যোগাযোগ করতে পারে। নীরব ভাষাতেও বলা যেতে পারে গল্প। তেমনই এক মাধ্যম হলো ‘আলোকচিত্র’। একজন আলোকচিত্রী ক্যামেরার লেন্সে কেবল দৃশ্যই ধারণ করেন না, ফ্রেমবন্দি করেন সময়, সংরক্ষণ করেন গল্প। ইতিহাসের দলিল হয়ে থাকে কোনো কোনো ছবি। নিছক ছবি থেকে আলোকচিত্র হয়ে ওঠে তথ্যচিত্রও। প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরে সমাজ-সংস্কৃতি। আলোকচিত্র ও আলোকচিত্রীর এসব অবদান স্মরণ করতে এবং শ্রদ্ধা জানাতে প্রতি বছর ১৯ আগস্ট পৃথিবীব্যাপী পালিত হয় ‘বিশ্ব আলোকচিত্র দিবস’।
আলোকচিত্রের যাত্রা শুরু হয়েছিল উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে। ১৮৩৭ সালে ফরাসি উদ্ভাবক নাইসফোর নিপেক ও লুইস ড্যাগুইর আবিস্কার করেন ড্যাগুরে টাইপ ফটোগ্রাফিক সিস্টেম। বিজ্ঞানী লুইস ড্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার এই ব্যবহারিক উপায় আবিস্কার করেন। তার নামানুসারেই পরে এর নামকরণ করা হয় ‘ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি’।
১৮৩৯ সালের ১৯ আগস্ট ড্যাগুইররিয়ো টাইপ ফটোগ্রাফি জনসম্মুখে আসে। সেদিন ফ্রেঞ্চ একাডেমি অব সায়েন্স’ প্যারিসে একটি জনসভার আয়োজন করে। সেখানে কীভাবে এ ছবি তোলা হয়, সেটি সবাইকে দেখানো হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে স্বীকৃতি দেয়।










