গর্ভকালীন ডায়াবেটিস বলতে বোঝায় গর্ভ-পূর্ববর্তী সময়ে ডায়াবেটিস ছিল না এমন কারো যদি গর্ভকালীন রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, তবে তার ডায়াবেটিস হয়েছে বলে ধরে নেয়া হয়। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, গর্ভকালীন ডায়াবেটিস হয়ে থাকে গর্ভের শেষ তিন মাসে। তবে এটি কোনো বিরল রোগ নয়, প্রতি ১০ জন গর্ভবতীর মধ্যে একজনের এ রোগ হয়।
তবে এ সময় রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করা জরুরি। না হলে তা গর্ভবতী নারী ও শিশুর জন্য বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে। তবে গর্ভকালীন ডায়াবেটিস টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস থেকে ভিন্ন। টাইপ ১ বা টাইপ ২ ডায়াবেটিস সারা জীবন স্থায়ী হয় কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত শিশু জন্মের পর ধীরে ধীরে ঠিক হয়ে যায়।
কেন হয়?
বয়স ২৫-এর বেশি হলে
স্থূলকায় হলে
শারীরিক পরিশ্রম না করলে
পরিবারে কারো যদি ডায়াবেটিস থাকে
এমন যদি হয় যে আগেরবার গর্ভাবস্থায় ডায়াবেটিস ছিল এবং তারপর ভালো হয়ে গিয়েছিল, তাহলে দ্বিতীয় গর্ভধারণেও ডায়াবেটিসের উচ্চ ঝুঁকি থাকে
থাইরয়েডের সমস্যা, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, পলিসিস্টিক ওভারি, কোলেস্টেরল বেশি থাকলে
যে জাতির মধ্যে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেশি সেই জাতির নারীদের গর্ভকালীন ডায়াবেটিস হওয়ার ঝুঁকিও বেশি। বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে স্থূলতা আগের তুলনায় বাড়ছে, যার কারণে দেশের নারীরাও গর্ভাবস্থায় ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। সেক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা জরুরি। যেমন ওজন নিয়ন্ত্রণে রাখা, পরিবারে কারো ডায়াবেটিস থাকলে স্ক্রিনিং করে নিতে হবে তার ডায়াবেটিস আছে কিনা, যদি তার ডায়াবেটিস থেকে থাকে তাহলে খুব ভালো সুনিয়ন্ত্রিত অবস্থায় আনতে হবে, রক্তচাপ কম-বেশি থাকলে স্বাভাবিক করে নেয়া, কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখা। তাহলে কিন্তু মা ও সন্তান দুজনেরই জটিলতা কমে। এছাড়া খাদ্য ব্যবস্থা খুব সুনিয়ন্ত্রিত হতে হবে। মা যাতে অপুষ্টিতে না পড়েন অর্থাৎ খাবার খাওয়া বেশি কমিয়ে যেন না ফেলেন। কারণ শিশুর বিকাশ যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়ের ডায়াবেটিস নিয়ন্ত্রণে হালকা হাঁটাহাঁটি করতে বলা হয়, যদি না কোনো নিষেধাজ্ঞা থাকে। খাদ্য ব্যবস্থা ও শরীরচর্চা করেও যদিও কারো ব্লাড সুগার নিয়ন্ত্রণে না আসে তখন চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।










