তীব্র গরমে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। কারণ এ সময় শরীর থেকে অতিরিক্ত পানি ঘাম হয়ে বের হয়ে যায়। যাার কারণে শরীরে অস্বস্তি, ক্লান্তির মতো একাধিক উপসর্গ দেখা দেয়। তাই শরীর হাইড্রেটেড রাখতে খেতে হবে পানি ও পানিযুক্ত খাবার।
যা খেতে হবে—
বেশি বেশি করে পানি পান করা উচিত। পূর্ণবয়স্ক একজন নারীর দিনে অন্তত আড়াই-তিন লিটার, পূর্ণবয়স্ক একজন পুরুষের তিন-সাড়ে তিন লিটার বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে কিডনি রোগীদের অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করেই পানির পরিমাণ নির্ধারণ করতে হবে। এছাড়া লেবু বা বিভিন্ন ফলের শরবতও শরীরের জন্য উপকারী। ডাবের পানি ও ফলের শরবত খেলে পানির পাশাপাশি প্রয়োজনীয় খনিজ লবণের চাহিদাও পূরণ হবে।
শরীরের পানিশূন্যতা দূর করতে খাদ্য তালিকায় বিভিন্ন ধরনের সবজি রাখা যায়। কাঁচা পেঁপে, পটোল, ধুন্দল, শসা, চিচিঙ্গা, গাজর, লাউ, পেঁপে, পালংশাক, টমেটো, শসায় পানির পরিমাণ বেশি থাকে। তাছাড়া পাতলা করে রান্না করা টক ডাল, সজনে ডাল শরীর ঠাণ্ডা রাখতে সাহায্য করে। বিভিন্ন মৌসুমি ফলও এ সময় অনেক উপকারী । যেমন কাঁচা আম, তরমুজ, বাঙ্গি।
যা খাওয়া যাবে না—
অতিরিক্ত গরমে সাধারণ মানুষ অনেক সময় বিভিন্ন ধরনের কোল্ড ড্রিংকস খেয়ে থাকে। এ ধরনের কার্বনেটেড বেভারেজ শরীরের জন্য অনেক ক্ষতিকর। এতে কোনো ধরনের পুষ্টিগুণও নেই। বেশি মসলাযুক্ত খাবারও এড়িয়ে চলা জরুরি। এছাড়া বাইরের খোলা শরবত, বাইরের খাবার, ভাজা-পোড়া এ সময় যতটা পারেন এড়িয়ে চলতে হবে।









