ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তাদের মধ্যে এক শিশুও রয়েছে। প্রতিবেশী দেশের এ হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ বলে অভিহিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। খবর এপির।
পাকিস্তানের জানিয়েছে, গত রাতে ভারতের চালানো বিমান হামলার জবাবে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, পাকিস্তানের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপে প্রথম দুইটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হয় রাত ২টা ৪৫ মিনিটের দিকে।
এরপর ভোর ৩টা ৪২ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন পিটিভি জানায়, পাকিস্তান বিমানবাহিনী আরো একটি ভারতীয় রাফায়েল যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যা আওয়ান্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে ছিল। ভোর ৫টার পর প্রতিরক্ষা ও তথ্যমন্ত্রীরা আরো দুটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে সন্ত্রাসী গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে একটি সমন্বিত ও নির্ভুল সামরিক অভিযান চালানো হয়েছে। সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার সঙ্গে এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো জড়িত বলেও দাবি তাদের।
প্রতিবেশী দুই দেশের মধ্যে এ হামলা-পালটা হামলার প্রভাব পড়েছে ভারতের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায়। কয়েকটি প্রধান বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় বেশ কিছু ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে দেশটির বেসরকারি বিমান সংস্থাগুলো। পাশাপাশি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানও সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে সীমান্ত উত্তেজনার প্রভাব ধীরে ধীরে অভ্যন্তরীণ নাগরিক জীবনেও পড়তে শুরু করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।















