ফিলিপাইনে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফেংশেন’ এর আঘাতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়াও এখন পর্যন্ত দুজন নিখোঁজ রয়েছেন। রোববার ঝড়টি রাতভর লুজনের দক্ষিণ-পূর্ব অংশজুড়ে তাণ্ডব চালায়। ভোরে কুয়েজন প্রদেশের পিতোগো এলাকায় একই পরিবারের দুই শিশু গাছ ভেঙে ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। খবর আল জাজিরা।
রাজ্যের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঝড়ের প্রভাবে লুজন ও মিনদানাও দ্বীপে প্রবল বর্ষণ ও বন্যা দেখা দিয়েছে। লুজনের অন্তত পাঁচটি বাঁধ খুলে দেয়া হয়েছে। বন্যার কারণে কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে।
স্থানীয় দুর্যোগ কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব লুজন থেকে প্রায় ৪৭ হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে গেছে। মধ্য ফিলিপাইনের সামার ও পানাই দ্বীপেও তীব্র বন্যা হয়েছে। এরই মধ্যে সেখানে বহু মানুষ সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও মিনদানাওয়ের বুকিডন প্রদেশে ভূমিধসে দুজন নিখোঁজ হয়েছেন।
দেশটির প্রেসিডেন্ট ফের্দিনান্দ মারকোস জুনিয়র জানিয়েছেন, ফিলিপাইন প্রকৃতিগতভাবে দুর্যোগপ্রবণ দেশ। তাই দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি।










