চীনের তৈরি অত্যাধুনিক যুদ্ধবিমানের সাহায্যে গত বুধবার ভারতের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। দুজন মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বেইজিংয়ের তৈরি যুদ্ধবিমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই বিষয়ে জানতে চাইলে ভারতীয় বিমান বাহিনীর মুখপাত্র রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, পাকিস্তান চীনে নির্মিত জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে ভারতীয় যুদ্ধবিমান লক্ষ্য করে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এতে অন্তত দুটি বিমান ভূপাতিত হয়েছে। আরেক কর্মকর্তা বলেন, ভূপাতিত হওয়া ভারতীয় জেটগুলোর মধ্যে অন্তত একটি ছিল ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান।

তবে তারা দুজনই নিশ্চিত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করেনি পাকিস্তান।

এদিকে কোনো ধরনের যুদ্ধবিমান বিধ্বস্তের কথা এখনো স্বীকার করেনি নয়াদিল্লি। বরং তাদের দাবি, তারা পাকিস্তানের ভেতরে সফল হামলা চালিয়েছে।

রয়টার্স বুধবার ভারতের স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছিল যে, তিনটি ভারতীয় বিমান ভূপাতিত হয়েছে।

তবে ভারত-পাকিস্তানের চলমান সংঘাতে এবারই প্রথমবারের মতো পশ্চিমা দেশের পক্ষ থেকে নিশ্চিত করা হলো—যুদ্ধবিমান ভূপাতিত করতে পাকিস্তান চীনে নির্মিত যুদ্ধ বিমান ব্যবহার করেছিল।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বৃহস্পতিবার রয়টার্সকে বলেছেন, ভারতের সদ্য কেনা তিনটি ফ্রান্সের তৈরি রাফাল বিমান ভূপাতিত করতে জে-১০ ব্যবহার করা হয়েছিল।

বুধবার ফ্রান্সের এক কর্মকর্তার বরাতে সিএনএনও ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার খবর জানিয়েছিল। সব মিলিয়ে পাকিস্তান বলছে, তারা আকাশ থেকে আকাশে যুদ্ধের সময় পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে।