গত তিনদিনে গাজায় ইসরায়েলি হামলায় ৫৯০ জন নিহত ও ৯০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর শুধু বৃহস্পতিবার গাজাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, গাজায় যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
এদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। এরই মধ্যে দক্ষিণ গাজার রাফায় স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সঙ্গে সৈন্যরা বেইত লাহিয়া শহর এবং কেন্দ্রীয় এলাকার কাছে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।
হামলার পাশাপাশি ইসরাইলি বিমান থেকে আবাসিক এলাকাগুলোতে লিফলেট ফেলা হয়েছে, যাতে উত্তরের বেইত লাহিয়া ও বেইত হানুন শহর, গাজা সিটির শিজাইয়া জেলা এবং দক্ষিণে খান ইউনিসের পূর্ব প্রান্তের শহরগুলোর বাসিন্দাদের সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
গাজার সরকারি মিডিয়া অফিস মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ জনেরও বেশি বলে জানিয়েছে। তারা ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধরে নিয়েছেন।















