ইউক্রেন ইস্যুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) রুশ প্রেসিডেন্টের সঙ্গে ঘণ্টাব্যাপী ফোনালাপের পরে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।

আইওয়া অঙ্গরাজ্যে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে ওয়াশিংটনের বাইরে বিমান ঘাঁটিতে ট্রাম্প সাংবাদিকদের বলেন, তার (পুতিন) সঙ্গে আমার ফোনালাপে কোনো অগ্রগতি হয়নি।

তিনি আরো বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আজকের কথোপকথনে আমি খুবই নিরাশ। আমার মনে হয় না ইউক্রেন বিষয়ে তিনি থামতে চান। এবং এটি সত্যিই খারাপ।

ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনালাপের বিষয়ে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকোভ জানিয়েছেন, কিয়েভে অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে ওই বৈঠকে কোনো কথা হয়নি।

তবে পুতিন বারবার বলে আসছেন, সংঘাতের 'মূল কারণ' সমাধানের মাধ্যমেই কেবল যুদ্ধের অবসান সম্ভব। তাদের দাবি, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণে লাগাম টেনে ধরা, ইউক্রেনের জন্য পশ্চিমা সহায়তা বন্ধ করা এবং ন্যাটোজোটে কিয়েভের অংশগ্রহণের সম্ভাবনা বাতিল করে দেওয়ার মাধ্যমে যুদ্ধের অবসান হতে পারে।

এদিকে এ ফোনালাপের কয়েক ঘণ্টার মধ্যেই কিয়েভের উত্তরের একটি আবাসিক ভবনে রাশিয়ার ড্রোন হামলায় আগুন ধরে যায়। এছাড়া কিয়েভ শহরেই বিস্ফোরণের শব্দ ও টানা ভারী মেশিনগান গুলির আওয়াজ শোনা গেছে। একই সময় এই শহরের আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো রুশ ড্রোনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছিল বলে খবর পাওয়া গেছে। এ সময় রুশ গোলাবর্ষণে পূর্বাঞ্চলে পাঁচজন নিহত হয়েছেন।

ট্রাম্পের এই মন্তব্যের কিছু আগে ডেনমার্কে সংবাদ সম্মেলনে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, ইউক্রেনে মার্কিন অস্ত্র সরবরাহ স্থগিতের বিষয়ে শিগগিরই, সম্ভব হলে শুক্রবারই আলাপ করতে চান।