মস্কো আলোচনার মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অবসান চায়, তবে তারা তাদের মূল লক্ষ্য থেকে পিছু হটবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোনে এ কথা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৩ জুলাই) এ তথ্য জানিয়েছেন ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ। খবর রয়টার্সের।

ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ জানান, আমাদের প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়েছেন যে, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্য অর্জন করবেই। বেশ কিছু সমস্যার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। লক্ষ্য থেকে কিছুতেই রাশিয়া পিছু হটবে না। আমরা এখনো সংঘাতের রাজনৈতিক ও আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে চলেছি।

ফোনালাপে শুধু ইউক্রেন নয়, ইরান এবং বৃহত্তর পশ্চিম এশিয়ার উত্তেজনা নিয়েও কথা বলেন পুতিন। উশাকভ জানান, গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবন্দি ও নিহত সেনাদের বিনিময়সংক্রান্ত যে সমঝোতা হয়েছে, পুতিন তা সম্পর্কে ট্রাম্পকে অবহিত করেছেন এবং মস্কো কিয়েভের সঙ্গে আলোচনায় যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন।

ইরান সম্পর্কে পুতিন বলেন, রাশিয়ান পক্ষ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সকল বিরোধ, মতবিরোধ এবং সংঘাতের পরিস্থিতি সমাধানের গুরুত্বের উপর জোর দিয়েছে।

গত মাসে ট্রাম্প ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন সামরিক বোমারু বিমান দিয়ে হামলা চালান। মস্কো এটিকে বিনা উসকানিতে নেয়া পদক্ষেপ এবং অবৈধ বলে নিন্দা জানিয়েছে।