ডোনাল্ড ট্রাম্পের একসময়ের কট্টর মিত্র ও রিপাবলিকান আইনপ্রণেতা মার্জোরি টেলর গ্রিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিককালে নাটকীয় মতবিরোধের জেরে গতকাল শুক্রবার এ ঘোষণা আসে। আগামী ৫ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। খবর রয়টার্স।

দীর্ঘদিনের এই ট্রাম্প-ঘনিষ্ঠ আইনপ্রণেতা তার পদত্যাগপত্র সামাজিক মাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘আনুগত্য একতরফা হওয়া উচিত।‘ তিনি আরো অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসনের অধীনে কংগ্রেস অধিকাংশ ক্ষেত্রেই কোণঠাসা হয়ে পড়েছে।

ট্রাম্প এবং জর্জিয়ার এই আইনপ্রণেতার মধ্যেকার এই প্রকাশ্যে সংঘাত রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। তাদের আশঙ্কা, ডেমোক্র্যাটরা কংগ্রেসে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশা করছে।

গ্রিনের পদত্যাগের ফলে হাউসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ২১৮-এ নেমে আসবে, যেখানে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২১৩। অন্যদিকে, সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ৫৩-৪৭।

এই পদত্যাগ নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

দীর্ঘদিন ধরে ট্রাম্প এবং মাগা (মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন)-এর একজন কট্টর রক্ষাকর্তা হিসেবে পরিচিত গ্রিন সম্প্রতি হোয়াইট হাউজ এবং তার কিছু রিপাবলিকান সহকর্মীর সঙ্গে দ্বিমত পোষণ করায় প্রেসিডেন্ট তার সমর্থন প্রত্যাহার করে নেন।

মতবিরোধের কারণ হিসেবে তিনি সাজাপ্রাপ্ত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সরকারি ফাইল প্রকাশের পক্ষে তার জোরালো অবস্থানকে তুলে ধরেছেন। এছাড়াও, গ্রিন এ বছরই প্রথম রিপাবলিকান আইনপ্রণেতা হিসেবে ইসরায়েলের গাজায় হামলার ঘটনাকে 'গণহত্যা' বলে অভিহিত করেন।