তিন দেশব্যাপী এশিয়া সফরের প্রথম গন্তব্য হিসেবে রোববার মালয়েশিয়ায় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট (আসিয়ান) এর বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে আন্তর্জাতিক চুক্তি সম্পন্নকারী হিসেবে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগও নিলেন তিনি। এ সফরে মালয়েশিয়ার সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পাশাপাশি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে একটি বিস্তৃত যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের তত্ত্বাবধান করবেন ট্রাম্প। খবর এপি।
চলতি বছরের জুলাই মাসে দুই প্রতিবেশী দেশের সীমান্তে সংঘর্ষে ডজনখানেক মানুষের মৃত্যু ও লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হন। প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এই চুক্তিতে মধ্যস্থতা করতে পেরে গর্বিত বলে জানান। তিনি বাণিজ্য সুবিধা তুলে নেয়ার হুমকি দিয়ে এই দুই দেশকে আলোচনায় বসতে বাধ্য করেছিলেন, যা যুদ্ধবিরতিকে উৎসাহিত করেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
নম পেন-এর 'ফিউচার ফোরাম' থিংক ট্যাঙ্কের প্রেসিডেন্ট ঔ ভিরাক বলেন, ট্রাম্পের এই 'শুল্ক কার্ড' দেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটিই দুই পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করানোর প্রধান কারণ। তিনি আরো বলেন, এ চুক্তি ট্রাম্পকে 'যুদ্ধ ও সংঘাতের অবসানকারী চ্যাম্পিয়ন' হিসেবে তুলে ধরবে এবং তার নোবেল শান্তি পুরস্কারের প্রচেষ্টার জন্য ‘আরো রসদ’ যোগাবে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উদ্বোধনী ভাষণে চুক্তিটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘মিলনের পথ বেছে নেয়া দুর্বলতা নয়, এটি সাহসের প্রতীক।‘
থাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নিকর্নদেজ বলানকুরা জানান, রোববারের যৌথ ঘোষণাপত্রে দুই দেশ সম্পর্ক নবায়নের অঙ্গীকার করবে এবং সীমান্তের মাইন ও ভারী অস্ত্র অপসারণসহ অন্যান্য ইস্যুতে সমঝোতার কথা উল্লেখ থাকবে।
এদিকে ট্রাম্পের সফরের মূল আলোচ্য হচ্ছে বাণিজ্যনীতি। চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গেও তিনি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকে সোয়াবিন বাণিজ্য ও ফেন্টানিল পাচার রোধসহ বিভিন্ন বিষয়ে সমঝোতার আশাবাদ ব্যক্ত করেছেন ট্রাম্প।
বিশ্লেষকদের মতে, থাইল্যান্ড–কম্বোডিয়া সংঘাত নিরসনে নিজের ভূমিকা প্রদর্শনের মাধ্যমে ট্রাম্প আন্তর্জাতিক মঞ্চে ‘শান্তির মধ্যস্থতাকারী’ হিসেবে নিজের ভাবমূর্তি জোরদার করতে চান। নোবেল শান্তি পুরস্কারের প্রচারণায়ও সহায়ক হতে পারে এসব প্রচেষ্টা।










