মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ঘোষিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল ও ইরান। আর এতে তিনি দু’দেশের ওপরই অসন্তুষ্ট, তবে সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়েছেন ইসরায়েলের ওপর।

ন্যাটো সম্মেলনে যোগ দিতে হেগে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, চুক্তিতে সম্মত হওয়ার পরপরই ইসরায়েল পুরোপুরি হামলা শুরু করে দেয়। তিনি আরো দাবি করেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়েছে।

এই মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হলো, মধ্যপ্রাচ্যে মার্কিন মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি চুক্তির বাস্তবতা এখন হুমকির মুখে।

এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ অভিযোগ করেন, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে এবং তা প্রতিহতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।

এদিকে গত কয়েক ঘণ্টায় তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি বলে দাবি করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুল রহিম মুসাভি।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং দুটিই মাঝ আকাশে প্রতিহত করা হয়েছে। ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক তথ্য পাওয়া যায়নি।