ইউক্রেনের যুদ্ধ বন্ধে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ বলে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সোমবার (২৮ এপ্রিল) মার্কিন পররাষ্ট্র দফতর এ তথ্য জানায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর মধ্যকার রোববারের ফোনালাপের কথা জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, অর্থহীন এ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র অত্যন্ত আন্তরিক।

তিনি আরো বলেন, রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনার পরবর্তী পদক্ষেপ কী হবে এবং কীভাবে এ দুই দেশের মধ্যকার যুদ্ধ বন্ধ হবে তা নিয়ে ল্যাভরভের সঙ্গে কথা বলেছেন রুবিও।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিন দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেন সোমবার। এর আগেই দুই পররাষ্ট্র মন্ত্রীর মধ্যে এ ফোনালাপ হয়। এই ব্যাপারে রাশিয়া এরই মধ্যে জানিয়েছে।

রুবিও বলেন, যুদ্ধ শেষ করার প্রচেষ্টা মূল্যায়নে এ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার প্রথম দিনই এ যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন।