কারাবন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টি হারিয়েছেন বলে দাবি তার আইনজীবী সালমান সাফদারের। বিষয়টি তিনি দেশটির সুপ্রিম কোর্টে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছেন। খবর রয়টার্স।
সুপ্রিম কোর্টের নির্দেশে ইমরানের সঙ্গে দেখা করার পর তার আইনজীবী এক প্রতিবেদনে জানান, ৭৩ বছর বয়সী এই নেতার ডান চোখে রক্ত জমাট বাঁধার কারণে দৃষ্টিশক্তির এই মারাত্মক ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, অক্টোবর ২০২৫ থেকে তিনি চোখে ঝাপসা দেখা ও দৃষ্টিক্ষীণতার অভিযোগ করে আসলেও কারা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি। দুই ঘণ্টার সাক্ষাৎকারের পর আইনজীবী ওই প্রতিবেদন আদালতে জমা দেন। সুপ্রিম কোর্ট ইমরান খানের শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ দিতে কর্তৃপক্ষকে ১৬ ফেব্রুয়ারির মধ্যে নির্দেশ দিয়েছেন।
ইমরান খানকে চলতি মাসে চোখে ২০ মিনিটের একটি চিকিৎসা নিতে হাসপাতালে নেয়া হয়েছিল বলে জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।
ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাবন্দি। তিনি দুর্নীতি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তাকে গ্রেফতারের পর দেশজুড়ে বিক্ষোভের পর পিটিআইয়ের ওপর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়। এরপরও দলটি ২০২৪ সালের নির্বাচনে সর্বাধিক আসন পায়। তবে পিটিআই অভিযোগ করেছে, কারচুপির মাধ্যমে তাদের আরো আসন থেকে বঞ্চিত করা হয়েছে, যাতে অন্য দলগুলো মিলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নেতৃত্বে জোট সরকার গঠন করতে পারে। সরকার এসব অভিযোগ অস্বীকার করছে।















