গাজা উপত্যকায় এবার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিয়েছে ইসরায়েল। অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য হামাসের ওপর চাপ সৃষ্টি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। খবর বিবিসির।
এর মাত্র সপ্তাহখানেক আগেই গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ বন্ধ করে ইসরায়েল। উপত্যকার প্রায় ২০ লাখ বাসিন্দার একটি বড় অংশ এই ত্রাণের ওপর নির্ভরশীল।
রোববার (৯ মার্চ) ইসরায়েলের জ্বালানিমন্ত্রী ইলি কোহেন এক ভিডিও বার্তায় বলেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং হামাস যেন আর গাজায় না থাকে তা নিশ্চিতে হাতে থাকা সব উপায় ব্যবহার করব আমরা।
বিদ্যুৎ সরবরাহ বন্ধের এ সিদ্ধান্ত মূলত খাবার পানির জন্য অপরিহার্য ডিস্যালিনেশন প্ল্যান্টগুলোর ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। সরকার এও বলেছে, তারা পানি সরবরাহ বন্ধের বিষয়টিকে একদম উড়িয়ে দিতে পারছে না।
ওই বার্তায় কোহেন বলেন, এই মাত্র গাজা উপত্যকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের আদেশে স্বাক্ষর করলাম।
এর আগে যুদ্ধের শুরুতে গাজায় বিদ্যুৎ সরবরাহের অধিকাংশই বন্ধ করে দিয়েছিল ইসরায়েল। যুদ্ধের কারণে গাজার উপকূলীয় এলাকা এবং অবকাঠামো বিপর্যস্ত। ফলে কিছু বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর ও সৌর প্যানেল ব্যবহার করা হচ্ছে।















