২০২৩ সালে হামাসের হামলা ঘিরে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ইসরায়েল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) বা শিন বেতের প্রধান রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে কদিন আগেই প্রশ্ন তুলেছিলেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেই ধারাবাহিকতায় এবার এই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করল ইসরায়েল।

২০২১ সালের অক্টোবরে পাঁচ বছরের জন্য শিন বেতের প্রধানের দায়িত্ব পেয়েছিলেন রোনেন বোর। সেই মেয়াদ শেষের আগেই তাকে আনুষ্ঠানিকভাবে বরখাস্তের অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠক করে। মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে তাকে বরখাস্তের পক্ষে মত দেয় এবং আগামী ১০ এপ্রিল তার দায়িত্ব শেষ হবে বলে সিদ্ধান্তও জানায়।

গত রোববার এক ভিডিও বিবৃতিতে নেতানিয়াহু রোনেন বারকে বরখাস্ত করার ইচ্ছা প্রকাশ করে বলেন, দুই ব্যক্তির মধ্যে 'বিশ্বাসের ঘাটতি' রয়েছে এবং সময়ের সঙ্গে তা আরো বেড়েছে।

নেতানিয়াহুর এ পদক্ষেপ ইসরায়েলিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে যা সরকারবিরোধী বিক্ষোভকে আরো তীব্র করেছে। এর পরপরই গাজায় নতুন করে ইসরায়েলি হামলার প্রতিবাদে জেরুজালেমে পার্লামেন্ট ভবনের কাছে বিক্ষোভ করেছেন কয়েক হাজার মানুষ।

গত তিনদিনে গাজায় ইসরায়েলি হামলায় ৫৯০ জন নিহত ও ৯০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অন্তত ২০০ শিশু রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলা ও স্থল অভিযান পুনরায় শুরু হওয়ার পর শুধু বৃহস্পতিবার গাজাজুড়ে অন্তত ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। মন্ত্রণালয় থেকে আরো জানানো হয়েছে, গাজায় যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।

এদিকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ায় গাজার অনেক বাসিন্দা আবারও প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছাড়ছেন। এরই মধ্যে দক্ষিণ গাজার রাফায় স্থল আক্রমণ চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। সেই সঙ্গে সৈন্যরা বেইত লাহিয়া শহর এবং কেন্দ্রীয় এলাকার কাছে উত্তর দিকে অগ্রসর হচ্ছে।