মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছে— যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্স তেহরানের ইসরায়েলবিরোধী হামলা ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করে। তাহলে ওই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি এবং নৌজাহাজগুলো ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।
শনিবার (১৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইরান এই হুঁশিয়ারি উচ্চারণ করেছে তাদের ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আঘাত চলাকালে।
ইরানের এই বক্তব্য এসেছে এমন এক সময়ে, যখন তেহরান দাবি করছে, ইসরায়েল তাদের সামরিক ও কূটনৈতিক স্থাপনার উপর সরাসরি হামলা চালিয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবেই ইরান ইসরায়েলের দিকে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।
ইরান বলছে, তারা কারও সঙ্গে যুদ্ধ চায় না, তবে যদি তৃতীয় পক্ষ এ হামলা প্রতিহত করতে চায়, তাদেরকেও যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করা হবে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে। বিশেষ করে ইরাক, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে তাদের গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্র এরইমধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তবে ইরানের সরাসরি হামলার জবাবে তারা এখনো প্রতিক্রিয়া জানায়নি।















