সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনদিন আলোচনার পর কৃষ্ণ সাগরে নৌযানে হামলা বন্ধে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বুধবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।
যুদ্ধরত দুই দেশের মধ্যে মধ্যস্থতার পর ওয়াশিংটন বিবৃতিতে জানিয়েছে, এ চুক্তির ফলে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ পুনরায় চালু হবে এবং সব পক্ষ 'স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী' শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। পাশাপাশি একে অপরের জ্বালানি স্থাপনার ওপর হামলা করবে না বলেও সম্মত হয়েছে দুই দেশ।
বিবিসি বলছে, সৌদি আরবের রিয়াদের রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছে মার্কিন কর্মকর্তারা। তবে যুদ্ধরত দুই দেশের সরাসরি কোনো বৈঠক হয়নি।
কৃষ্ণসাগরে হামলা বন্ধের এ চুক্তিকে 'সঠিক পদক্ষেপ' উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এরপর আর কেউ ইউক্রেনের বিরুদ্ধে স্থায়ী শান্তি আলোচনার পথে বাধার অভিযোগ করতে পারবে না। তিনি আরো বলেন, রাশিয়া যদি এরপরও চুক্তি লঙ্ঘন করে, তাহলে আমি ট্রাম্পের কাছে সরাসরি প্রশ্ন করব, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আর অস্ত্র চাইব।
আর ক্রেমলিন জানিয়েছে, তাদের খাদ্যপণ্য ও সার রফতানি ব্যবসার ওপর আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে। নইলে এ চুক্তি কার্যকর হবে না।















