তুরস্কে অনুষ্ঠেয় ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় বড় কোনো অগ্রগতির আশা করছেন না যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, এ ইস্যুতে অগ্রগতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক প্রয়োজন। আজ শুক্রবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের পর রুবিও বলেন, আমি মনে করি না তুরস্কে বড় কোনো অগ্রগতি হবে, যতক্ষণ না ট্রাম্প ও পুতিন এ বিষয়ে সরাসরি আলোচনায় বসেন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আলোচনার জন্য ইস্তানবুলে একটি প্রতিনিধিদল পাঠাবে । তবে তিনি রাশিয়ার প্রতিনিধি দলের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
রাশিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির প্রেসিডেন্টের সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। তার মতে, তাদের প্রতিনিধিদলের সদস্যদের প্রয়োজনীয় সব দক্ষতা ও সক্ষমতা রয়েছে।
এর আগে মধ্যপ্রাচ্য সফররত ডোনাল্ড ট্রাম্পও একই কথা বলেন। তিনি জানান, তার ও পুতিনের সরাসরি সাক্ষাৎ ছাড়া ইউক্রেনে শান্তি ফেরানোর আলোচনায় তেমন কোনো অগ্রগতি আশা করা যাচ্ছে না।
বিবিসিকে এয়ার ফোর্স ওয়ানের ভেতরে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি না থাকলে পুতিন যাবেন না। আমার ধারণা, আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না—আপনারা সেটা পছন্দ করুন আর না করুন। তবে আমাদের এই সংকটের সমাধান করতেই হবে। কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে।















