পাকিস্তানের লাহোরের ওয়ালটন রোডের কাছে একটি ভারতীয় ড্রোন নামানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র। বৃহস্পতিবার (৮ মে) সকালে জব্দ করা ড্রোনটি ভারত থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল। পাশাপাশি এটি বিস্ফোরকও বহন করছিল

পাকিস্তান টুডের এক প্রতিবেদনে বলা হয়, এদিন সকালে ওয়ালটন রোডের আশপাশের এলাকায় একাধিক বিস্ফোরণ এবং সাইরেনের শব্দ শোনা গেছে। হঠাৎ এমন শব্দ এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে পরে জানা যায়, ভারতীয় ড্রোনটিকে নামানোর সময় ওই শব্দ হচ্ছিল। এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা উল্লেখযোগ্য অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

ওই প্রতিবেদনে আরো বলা হয়, ৫ থেকে ৬ ফিটের ভারতীয় ওই ড্রোনকে বিশেষ সিগনাল জ্যামার সিস্টেমের সাহায্যে নামানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, লক্ষ্যে পৌঁছানোর আগেই তারা ড্রোনটিকে নামাতে সফল হয়েছে। তবে এর লক্ষ্য সম্পর্কে কিছু জানানো হয়নি।

পেহেলগামে হামলা নিয়ে উত্তেজনার মধ্যে পাকিস্তানের ছয়টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার গভীর রাতে এ হামলায় দুই শিশুসহ ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। জবাবে রাতেই স্বল্প পরিসরে পাল্টা হামলা চালায় পাকিস্তান। তারা ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গোলাবর্ষণ করে। এতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত ও ৪৩ জন আহত হয় বলে জানায় ভারতের সেনাবাহিনী।